উপকূলীয় ১৪ জেলার ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, বন্যা নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প আগামী অর্থবছর থেকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের নয় সদস্যের প্রতিনিধিদলের বৈঠকে প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ ও ‘কোস্টাল রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে অবকাঠামো উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করা হবে। উপকূলের লবণাক্ততা মোকাবিলায় নিরাপদ পানি ও পানি শোধন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে উপকূলীয় মানুষের পানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যা ও জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।