গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দুটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে তামিম আহমেদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উভয় নেতার বহিষ্কারের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।