স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি নিজের মন্ত্রণালয়ের দায়িত্বে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি বলেন, দেশে হত্যা, ধর্ষণ, দখল, চাঁদাবাজি ও লুটতরাজের মতো ঘটনা বাড়ছে। এসবের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে।

সাইফুল আলম বলেন, দেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা এখন অন্যতম বড় দায়িত্ব। কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে বিভিন্ন সামাজিক সমস্যাও কমানো সম্ভব। এ জন্য সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে নিয়মিত ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। প্রতি পাঁচ বছর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হওয়া উচিত বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

এ ছাড়া জুলাই সনদ, সাইবার নিরাপত্তা আইন ও সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়েও বক্তব্য দেন তিনি। বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন সাইফুল আলম।