স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাস নিয়েও মতবিনিময় করেন তারা।

সিঙ্গাপুরের প্রতিনিধি বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সিঙ্গাপুরের আগ্রহের কথা জানান। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

মিচেল লি বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতার পরিধি ক্রমেই বাড়ছে। দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য আরও সম্প্রসারণে শিগগিরই বাংলাদেশে পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, সীমান্ত ও বিমানবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ও নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, উগ্রবাদ মোকাবিলা, পুলিশের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো গেলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।