উন্নয়নের অধিকারকে বাস্তবে রূপ দিতে বিশ্বের সকল দেশের অঙ্গীকার, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন"— আজ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উন্নয়নের অধিকার’ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এই কথা বলেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উচ্চপর্যায়ের সপ্তাহ চলাকালে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। উন্নয়ন যে একটি অবিচ্ছেদ্য মানবাধিকার এবং এটি একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার দাবি রাখে— সে নীতিকে স্বীকৃতি দেওয়া ‘উন্নয়ন অধিকারসংক্রান্ত জাতিসংঘ ঘোষণা’-র ৪০তম বার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজনটি করা হয়।
বক্তব্যে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফারমার (কৃষক) কার্ড’ উদ্যোগসহ বিভিন্ন জনকল্যাণমুখী উন্নয়ন এজেন্ডা তুলে ধরেন। পাশাপাশি তিনি উন্নয়নের অংশীদার হিসেবে নারী ও যুবসমাজের ভূমিকা এবং কাউকে পেছনে ফেলে না রেখে একটি "রেইনবো নেশন" বা ‘রংধনু জাতি’ গড়ার দূরদর্শী পরিকল্পনার কথা উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরও কয়েকটি অগ্রাধিকারমূলক বিষয় প্রস্তাব করেন; যার মধ্যে রয়েছে— একটি অধিকতর ন্যায্য বৈশ্বিক আর্থিক ব্যবস্থা, নির্ভরযোগ্য ও সমতাভিত্তিক উন্নয়ন ও জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (AI) সবার সমান প্রবেশাধিকার এবং উন্নয়ন অধিকারকে জবাবদিহিতার আওতায় আনতে একটি আইনগত বাধ্যতামূলক কাঠামো তৈরি করা।
অনুষ্ঠানটিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ ও বিভিন্ন অংশীজন একত্রে সমবেত হয়ে সকলের জন্য উন্নয়ন অধিকার পুনর্ব্যক্ত করেন এবং যৌথ সমৃদ্ধি নিশ্চিতকরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
উন্নয়নের অধিকার বাস্তবে রূপ দিতে বৈশ্বিক অঙ্গীকার জরুরি শামা ওবায়েদ
মন্তব্য
প্রথম মন্তব্যটি করুন।