লিওনেল মেসি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে গড়েছেন বহু রেকর্ড । ফুটবল ইতিহাসে তার নামের পাশে জমেছে অসংখ্য কীর্তি। তবে সময়ের সঙ্গে নতুন প্রজন্মের তারকারা সেই রেকর্ডের পাতায়ও রেখে যাচ্ছেন নিজেদের ছাপ। এবার মেসির দীর্ঘদিনের এক রেকর্ডে হানা দিলেন তারই স্বদেশি তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুওনো।

শুক্রবার রাতে ভেনেজিয়ার বিপক্ষে ফিওরেন্তিনার ৪-২ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মাস্তানতুওনো। একাই করেছেন হ্যাটট্রিক। আর এই তিন গোলেই ১৯ বছর ধরে মেসির দখলে থাকা একটি রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার এই তরুণ ফরোয়ার্ড। ভেনেজিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সি আর্জেন্টাইন খেলোয়াড় হয়ে গেছেন তিনি ।

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় খেলতে আসা এই উইঙ্গারের বয়স এখন ১৯ বছর ২৮ দিন। ২০০৭ সালের ১০ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই সময়ে মেসির বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। গত রাতে হ্যাটট্রিক করার সময় মাস্তানতুওনোর বয়স ছিল তার চেয়েও ২৩১ দিন কম।

গত মাসে মাদ্রিদ থেকে এক মৌসুমের জন্য ধারে ফিওরেন্তিনায় আসেন মাস্তানতুওনো। শুক্রবারের গোলগুলোই ছিল ফিওরেন্তিনার হয়ে তার প্রথম গোল। এই জয়ের ফলে ইতালিয়ান ক্লাবটি এবারের মৌসুমে প্রথম পয়েন্ট পেল। এই হ্যাটট্রিকের মাধ্যমে মাস্তানতুওনো গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৫ ম্যাচে করা মোট গোলসংখ্যার সমান গোল করে ফেললেন একদিনেই।

রিভার প্লেট ক্লাব থেকেই মাস্তানতুওনোর তারকাখ্যাতির শুরু। মাত্র ১৬ বছর বয়সে ক্লাবটির হয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার। ২০২৫ সালের জুনে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন।