১৯ বছর পর ‘মায়ার জঞ্জাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী অপি করিম। দুই বাংলার যৌথ প্রযোজনার এই সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আজ বুধবার রাত ১২টায় চরকিতে মুক্তি পাবে সিনেমাটি। এটি অপি করিমের দ্বিতীয় চলচ্চিত্র।

‘ফড়িং’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও ‘ভালোবাসার শহর’–এর নির্মাতা পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত সিনেমাটির প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’।

প্রায় দুই দশক পর সিনেমায় ফেরার বিষয়ে অপি করিম জানিয়েছিলেন, পড়াশোনা ও পরবর্তী সময়ে কাজের ব্যস্ততার কারণে নিয়মিত সিনেমায় যুক্ত হতে পারেননি তিনি। তবে ইন্দ্রনীল রায়চৌধুরীর আগের কাজগুলো তাঁকে সিনেমাটিতে অভিনয়ে আগ্রহী করে তোলে। বিশেষ করে ‘ভালোবাসার শহর’ সিনেমায় জয়া আহসানের অভিনয় তাঁর ভালো লেগেছিল। পাশাপাশি অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও সিনেমার গল্প-চরিত্রও তাঁকে কাজটি করতে উৎসাহিত করে।

‘মায়ার জঞ্জাল’-এ অপি করিম অভিনয় করেছেন ‘সোমা’ চরিত্রে। তাঁর স্বামীর চরিত্র ‘চন্দন’-এ আছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু ও চান্দ্রেয়ী ঘোষসহ দুই বাংলার আরও কয়েকজন অভিনয়শিল্পী।

সিনেমাটিতে সমান্তরাল দুটি গল্পের মাধ্যমে সমাজের প্রান্তিক অবস্থানে থাকা সোমা ও চন্দনের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। নগরজীবনের কঠিন বাস্তবতা, দারিদ্র্য, বেকারত্ব, ভঙ্গুর সম্পর্ক এবং নৈতিক সংকটের মধ্য দিয়ে কীভাবে মানুষ টিকে থাকার চেষ্টা করে, সেটিই সিনেমাটির অন্যতম বিষয়।

চন্দন চরিত্রটি নিয়ে ঋত্বিক চক্রবর্তী বলেছিলেন, প্রচলিত সিনেমায় এমন চরিত্র খুব বেশি দেখা যায় না। তবে ‘মায়ার জঞ্জাল’-এ চরিত্রটিকে গভীরভাবে দেখার চেষ্টা করা হয়েছে। তার সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংকটগুলোও গল্পে গুরুত্ব পেয়েছে।

সিনেমাটিতে ‘সত্য’ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকের এই কাজটি তাঁর জন্য গুরুত্বপূর্ণ। এই সিনেমায় অভিনয়ের জন্য নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও পেয়েছেন তিনি। এবার চরকিতে সিনেমাটি মুক্তি পাওয়ায় দর্শকদের কাছে এটি নতুন করে পৌঁছাবে বলে আনন্দ প্রকাশ করেছেন অভিনেতা।

২০১৯ সালে নির্মাণের পর ২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মায়ার জঞ্জাল’-এর প্রিমিয়ার হয়। একই বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি নির্বাচিত হয়। পরে ইতালির ২১তম এশিয়াটিকা চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জুরি পুরস্কার এবং কলকাতার আর্টহাউস এশিয়া চলচ্চিত্র উৎসবে সেরা দক্ষিণ এশীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে সিনেমাটি।

২০২২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে সেরা চিত্রনাট্যের পুরস্কার পায় ‘মায়ার জঞ্জাল’। এরপর ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সিনেমাটি সাতটি পুরস্কার জেতে।

দুই বাংলার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি। এবার প্রায় সাড়ে তিন বছর পর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির মাধ্যমে আবারও দর্শকদের সামনে আসছে অপি করিম, ঋত্বিক চক্রবর্তী ও সোহেল মন্ডল অভিনীত ‘মায়ার জঞ্জাল’।