বয়স, ওজন, চেহারা কিংবা সন্তান জন্মের পর শরীরে আসা পরিবর্তন—তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের যেন শেষ নেই। বিশেষ করে নারী তারকাদের শরীর নিয়ে কটাক্ষ ও বডি শেমিংয়ের ঘটনা প্রায়ই আলোচনায় আসে। এবার এমন প্রবণতার বিরুদ্ধে কথা বলায় সালমান খানের প্রশংসা করেছেন অভিনেত্রী রিচা চাড্ডা।

‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক ‘উইকেন্ড কা ভার’ পর্বে সালমান খান অনলাইন ট্রলিংয়ের প্রবণতা নিয়ে কথা বলেন। কাউকে নির্দিষ্ট করে নাম না নিয়ে তিনি বলেন, মানুষের ওজন, চেহারা, পরিবার, হাসি, কোনো সিনেমার ব্যর্থতা কিংবা মা হওয়ার মতো ব্যক্তিগত বিষয় নিয়ে কটাক্ষ করা আসলে ট্রলকারীদের পারিবারিক শিক্ষারই প্রকাশ।

সালমানের এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। পরে ‘নিউজ১৮’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা চাড্ডা জানান, সালমান এমন মন্তব্য করেছেন—এ কথা তিনি আগে জানতেন না। বিষয়টি জানার পর তাঁর বক্তব্যের প্রশংসা করেন রিচা। অভিনেত্রীর ভাষায়, এ ধরনের কথা প্রকাশ্যে বলা প্রশংসনীয়।

এরপর নারীর শরীর নিয়ে পুরুষদের মন্তব্যের প্রবণতা নিয়েও কথা বলেন রিচা। তাঁর মতে, সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতা ও এর সঙ্গে যুক্ত শারীরিক পরিবর্তনের গভীরতা একজন পুরুষের পক্ষে পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়। তাই নারীর শরীর নিয়ে মন্তব্য করার আগে বিষয়টি বোঝার প্রয়োজন রয়েছে।

রিচা আরও বলেন, প্রত্যেক মানুষই কোনো না কোনো নারীর গর্ভ থেকে পৃথিবীতে এসেছে। ফলে মায়েদের নিয়ে কিংবা নারীর শরীর নিয়ে ঠাট্টা বা কটাক্ষ করা শেষ পর্যন্ত নিজেদেরই অসম্মান করার মতো।

অন্যের শরীর নিয়ে মন্তব্য করা মানুষদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন রিচা। তাঁর মতে, অনেক সময় যারা অন্যের শরীর নিয়ে কটাক্ষ করেন, তারাও নিজেদের শরীর নিয়ে সন্তুষ্ট থাকেন না। নিজের শারীরিক বিষয় নিয়ে অসন্তুষ্টি থেকেই অন্যকে নিয়ে মন্তব্য করার প্রবণতা তৈরি হতে পারে।

সালমান তাঁর বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি। তবে তাঁর মন্তব্যটি এসেছে এমন এক সময়ে, যখন মা হওয়ার পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চেহারা ও শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য হচ্ছিল। স্বামী ভিকি কৌশলের সঙ্গে আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ক্যাটরিনার উপস্থিতির পর তাঁকে নিয়ে নতুন করে শুরু হয় বডি শেমিংয়ের আলোচনা। যদিও সালমানের বক্তব্যে ক্যাটরিনার নাম ছিল না।

নারীর শরীর নিয়ে সামাজিক চাপের বিষয়টি রিচা চাড্ডার জন্যও নতুন নয়। অভিনয়জীবনের শুরু থেকেই শরীরের গড়ন ও চেহারা নিয়ে নানা ধরনের প্রত্যাশার মুখোমুখি হওয়ার কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি। তাই সালমানের মন্তব্যকে স্বাগত জানানোর পাশাপাশি নারীর শরীরকে বিচার করার দীর্ঘদিনের সামাজিক প্রবণতার দিকটিও সামনে এনেছেন এই অভিনেত্রী।