রাজধানীর উত্তরায় ডিজিএফআইয়ের ভুয়া সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা-পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।
৯৯৯-এ কল ও অভিযান উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি টহল দল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি ১০ তলা ফ্ল্যাটে অভিযানে যায়।
সেখানে কাইয়ুম শাহরিয়ার জাহেদী নামের এক ফ্ল্যাট মালিককে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে বলে ভয়ভীতি দেখাচ্ছিল চক্রটি। একপর্যায়ে মামলা নিষ্পত্তির কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ভুক্তভোগী ভয়ে তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন।
ভুয়া পরিচয়পত্র ও আলামত উদ্ধার পরবর্তীতে তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে ফ্ল্যাট মালিক জাহেদী ৯৯৯-এ ফোন করে তাৎক্ষণিক আইনি সহায়তা চান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি আইডি কার্ড উদ্ধার করে। পরিচয়পত্রটি যাচাই ও জিজ্ঞাসাবাদে তাঁরা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির সত্যতা স্বীকার করেন।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১টি ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র, ১টি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, ১টি ওয়াকিটকি এবং ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।