কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় প্রকাশ্যে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এই মিছিলটি বের করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও চিত্রে মিছিলের দৃশ্য দেখা যায়, যেখানে প্রায় শতাধিক নেতাকর্মীকে অংশ নিতে দেখা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারী এই মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন। মিছিলে অংশগ্রহণকারীরা জাজিরা কলেজ ছাত্রলীগের ব্যানারে নানা ধরনের স্লোগান দেন।
মিছিলের জন্য ব্যবহৃত ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি সাঁটানো ছিল। আকস্মিক এই মিছিলের কারণে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজটের সৃষ্টি হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির এই বিষয়ে বক্তব্য নিতে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদকে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
তবে শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছি। জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীর নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্র বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের দ্রুত শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”