হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকিয়ে আনা ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯.৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

রবিবার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির একটি বিশেষ দল বিমানবন্দরে অবস্থান নেয়। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের (ইকে-০৫৮২) ফ্লাইটটি অবতরণের পর দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দরের রানওয়েতে তাদের জুতায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উভয়ের জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১১৭ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার করা এই বিপুল পরিমাণ স্বর্ণ কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে কিভাবে তা আনা হলো—এ বিষয়ে দুজনকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার সাথে জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।