বিমানবন্দরে প্রবাসীদের ক্রমাগত হয়রানি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের এবং গ্রেপ্তারের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর শীর্ষ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক গণমাধ্যম আমন্ত্রণপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, বিমানবন্দর কেন্দ্রিক প্রবাসীদের নানা অনিয়ম ও হয়রানি এবং প্রবাসীদের পক্ষে কথা বলায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা ও গ্রেপ্তারের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতেই এই জরুরি আয়োজন। উক্ত সংবাদ সম্মেলনে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।