প্রবাসে দীর্ঘ ১৭ বছর অবস্থান করেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের বিভিন্ন সংকট ও দুর্যোগে পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতসহ বিভিন্ন দুর্যোগে প্রবাসে থেকেও তিনি নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং অসহায় মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ফাউন্ডেশনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইন বিজ্ঞান প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে। পাশাপাশি দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীদের কৃত্রিম পা সংযোজন, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের মতো জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
এসব উদ্যোগের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফাউন্ডেশনটি ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন রিজভী।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং দেশের বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।