দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৩২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর ১০৪ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১ হাজার ৬২৫ জন। এর মধ্যে ২২ হাজার ১১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।