দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ১০ মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অক্টোবরের প্রথম পাঁচ দিনে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা গেছেন।
বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯০ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন।
নতুন ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৮৬১ জন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ২৪২, খুলনায় ৩০২, বরিশালে ২০৩, ময়মনসিংহে ৯৬, রংপুরে ৭৫ এবং রাজশাহীতে ১৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।