জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফরে থাকবেন প্রধানমন্ত্রী। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।

সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বাণিজ্যসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

কূটনৈতিক সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উভয় পক্ষ সম্মত হলে প্রধানমন্ত্রীর সফরেই এটি সই হতে পারে।