ক্রীড়াকে শিক্ষাব্যবস্থায় আরও গুরুত্ব দেওয়ার পাশাপাশি এটিকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর একটি নির্দিষ্ট ভিশন রয়েছে। সেই অনুযায়ী শিক্ষাব্যবস্থায় খেলাধুলাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। দেশের তৃণমূল পর্যায় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার সঙ্গে ক্রীড়াকে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াকে শুধু বিনোদন হিসেবে নয়, বরং পেশা হিসেবে গড়ে তুলতে চান। শিক্ষার্থীরা যেন নিজেদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়াতে পারে, সেই লক্ষ্যেই ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।