বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া সেই আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আপাতত পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।
রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দেন, সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। ওই আদেশের ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র নেওয়া বাধ্যতামূলক হয়ে যায়।
হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মহাপরিচালক, বাণিজ্য সংগঠন আপিল বিভাগে আবেদন করেন। রোববার ওই আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের ৬ আগস্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন।
এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র নেওয়ার যে শর্ত হাইকোর্টের আদেশে আরোপ করা হয়েছিল, তা আপাতত কার্যকর থাকছে না।
মামলায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম শুনানি করেন। বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সল মোহাম্মদ ফায়েজী।