বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনস টিকিট বিক্রির অর্থ দেশের বাইরে তাদের আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করলেও, আন্তর্জাতিক কার্ড দিয়ে ওই টিকিট কেনা যাবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। এতে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনায় সংশোধন আনা হয়েছে।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, প্রযোজ্য ক্ষেত্রে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। আগে এ সুবিধার জন্য শর্ত ছিল, টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

নতুন নির্দেশনায় এ শর্ত শিথিল করা হয়েছে। এখন কোনো বিদেশি এয়ারলাইনস বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করলেও তাদের টিকিট বিক্রির অর্থ যদি আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে নিষ্পত্তি হয়, তবুও ওই এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা যাবে।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনসের মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্যবহার করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো যোগ্য লেনদেন শনাক্ত করবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সুবিধার আওতায় আন্তর্জাতিক কার্ডে কেনা টিকিটের মূল্য গ্রাহকের জন্য প্রযোজ্য ভ্রমণসীমার বাইরে থাকবে। অর্থাৎ এসব টিকিট কেনার ব্যয় নির্ধারিত ভ্রমণসীমার হিসাবে অন্তর্ভুক্ত হবে না।

যোগ্য লেনদেন যাচাইয়ের পর সংশ্লিষ্ট ব্যাংক গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার জন্য ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতাধীন নিয়ম অনুসরণ করতে হবে।

এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানানোর জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসাসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন নির্দেশনার ফলে বিদেশি এয়ারলাইনসের অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তিতে বাংলাদেশে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের সঙ্গে পৃথক ব্যবস্থা করার প্রয়োজন কমবে। এতে আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার প্রক্রিয়াও আরও সহজ হবে।