ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স। এ জন্য স্বতন্ত্র ‘ইসলামিক ফাইন্যান্স উইং’-এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত শর্ত ও নিয়মকানুন যথাযথভাবে পরিপালনের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে।
চূড়ান্ত অনুমোদনের আগে আইপিডিসি ফাইন্যান্সকে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি সংশোধন, স্বাধীন শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন এবং পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ প্রতিষ্ঠা।
এ ছাড়া ইসলামি তহবিলের পৃথক ব্যবস্থাপনা নিশ্চিত করা, প্রয়োজনীয় নীতিমালা ও কার্যক্রম পরিচালনা পদ্ধতি প্রণয়ন এবং পৃথক হিসাবরক্ষণ ব্যবস্থা চালুর শর্ত রয়েছে।
এসব শর্ত পূরণের পর চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে আইপিডিসি ফাইন্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম শুরু করতে পারবে।