পায়রা বন্দরে জাহাজের বার্থিং, টোয়িং ও উদ্ধারকাজে ব্যবহারের জন্য দেশীয় প্রযুক্তিতে ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড (কেএসওয়াই)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে টাগবোটটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেএসওয়াইয়ের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ। এ সময় কেএসওয়াই, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন দুটি টাগবোট নির্মাণ প্রকল্পের দ্বিতীয় টাগবোট হিসেবে ‘টিয়াখালী-৪’ তৈরি করা হয়েছে। সিঙ্গাপুরের ন্যাভনটিক প্রাইভেট লিমিটেডের নকশায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ব্যুরো ভেরিটাসের (বিভি) তত্ত্বাবধানে টাগবোটটি নির্মাণ করা হয়।

৩৭ মিটার দীর্ঘ টাগবোটটির স্থানচ্যুতি ১ হাজার ১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩ দশমিক ৮ মাইল। আধুনিক জেড-ড্রাইভ প্রপালশন সিস্টেমযুক্ত টাগবোটটি পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং এবং দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে।

এতে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি উদ্ধার অভিযান, পানির নিচে জরিপ ও স্যালভেজ কার্যক্রম, প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচল এবং পাইলট পরিবহনের মতো কাজেও টাগবোটটি ব্যবহার করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কেএসওয়াইয়ের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ বলেন, প্রতিষ্ঠার পর থেকে খুলনা শিপইয়ার্ড ৮০০টির বেশি নতুন জাহাজ নির্মাণ এবং ২ হাজার ৫০০টির বেশি জাহাজ মেরামত করেছে। দেশীয় প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দক্ষ জনবলের সমন্বয়ে ‘টিয়াখালী-৪’ নির্মাণ দেশের জাহাজ নির্মাণ সক্ষমতার একটি উদাহরণ।

তিনি বলেন, টাগবোটটি পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমে সহায়তার পাশাপাশি দেশের সামুদ্রিক অবকাঠামো ও ব্লু ইকোনমির উন্নয়নেও ভূমিকা রাখবে।