বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে ‘বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর খাতে মার্কিন কোম্পানিগুলোর আগ্রহ দেশের অর্থনীতিতে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, এই সম্ভাবনা কাজে লাগাতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এআই, ডেটা অবকাঠামো ও সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

গোলটেবিল বৈঠকে এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর শিল্প, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও তুলে ধরা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।