বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। একই সঙ্গে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় তিনি নতুন দায়িত্ব নেওয়ায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাতে হুমায়ুন কবির জার্মানির দীর্ঘদিনের সহযোগিতা ও বাংলাদেশের উন্নয়নে দেশটির অবদানের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সংস্কৃতি এবং অভিবাসন ও চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব সম্প্রসারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও জার্মানির সহযোগিতা আরও বিস্তৃত করতে তার দেশ আগ্রহী। এ ক্ষেত্রে বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত সম্পন্ন করা, বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জনসম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রদূত জানান, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে।