রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে শুধু সমর্থনের বক্তব্য নয়, এবার বাস্তব ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি এবং কক্সবাজারে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। শুধু সমর্থনের কথা বলে এই সংকটের সমাধান হবে না; এখন প্রয়োজন বাস্তব পদক্ষেপ।
তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে তাদের মাতৃভূমি হিসেবে অস্বীকার করছেন না। বরং যে পরিস্থিতির কারণে তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তারা সেই পরিস্থিতি প্রত্যাখ্যান করছেন।
প্রতিমন্ত্রীর মতে, টেকসই প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের পরিচয় ও স্বীকৃতি, ভূমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার মতো পরিবেশও তৈরি করা জরুরি।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আস্থার বিষয় হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গারা কারও দয়া চান না, তারা নিজেদের অধিকার চান। এ সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই রয়েছে। বাংলাদেশও অনির্দিষ্টকাল ধরে রোহিঙ্গা সংকটের বোঝা বহন করতে পারবে না।