বাংলাদেশের সঙ্গে চীন ও ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রের আগ্রহ কম বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার। তাঁর মতে, বাংলাদেশকে ঘিরে বড় শক্তিগুলোর স্বার্থে ভারসাম্য নেই এবং চীনের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাধা দিতে পারবে না।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি সেশনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ফেয়ার বলেন, বাংলাদেশ নিয়ে চীন ও ভারতের যে মাত্রার আগ্রহ রয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা দেখা যায় না। এর অন্যতম কারণ হলো বড় শক্তিগুলোর নিজেদের মধ্যকার প্রতিযোগিতা। তাঁর মতে, বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনের হাতে যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি সম্পদ রয়েছে।

বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি প্রতিযোগিতা চলছে—এমন ধারণার সঙ্গেও একমত নন অধ্যাপক ফেয়ার। তিনি বলেন, বরং বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে যাওয়ার বিষয়টিই বেশি স্পষ্ট।

চীনের সঙ্গে সম্পর্ক গড়তে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থামাতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেবে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটিকে থামানো সম্ভব হবে না।

এদিকে মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলে তিনি জানেন। তবে তিনি বর্তমানে তুরস্ক সরকারের দায়িত্বে না থাকায় প্রতিরক্ষা চুক্তি নিয়ে দেশ দুটির সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্য করতে চাননি।