বাংলাদেশের কর্মীদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে আরও বেশি সুযোগ তৈরি করতে কারিগরি দক্ষতার পাশাপাশি বিদেশি ভাষা শেখার ওপর জোর দিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রামের নাসিরাবাদে শ্রম মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রম আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক পেশায় বিদেশে কর্মীর চাহিদা রয়েছে। তবে এসব পেশার সম্ভাবনা সম্পর্কে প্রচার কম। তাই চাহিদাসম্পন্ন পেশাগুলো চিহ্নিত করে প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে।

চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, সরকারি সহযোগিতা পেলে এসব প্রতিষ্ঠান কর্মসংস্থান ও অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে। একই সঙ্গে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

টিটিসিতে জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন জনবল নিয়োগে সময় লাগলেও এ কারণে কার্যক্রম থেমে থাকতে পারে না। চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মতবিনিময় সভায় চট্টগ্রামের শ্রম আদালতের অবকাঠামোগত সমস্যাও উঠে আসে। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। নারী বিচারপ্রার্থীদের জন্য পৃথক বসার ব্যবস্থা, কনফারেন্স কক্ষ ও লিগ্যাল এইড সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি।

এর আগে মন্ত্রী চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার, চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা, চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ ওসমান গনি এবং বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক হাফেজ আহমদ মজুমদার।