বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে দেশটি যেন বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়ায়, সেই আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, শান্তি-শৃঙ্খলা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নিরাপত্তা বাহিনীর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, যৌথ কর্মশালা ও আইনগত সহায়তা বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় সরকারি পর্যায়ে আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়। উভয় পক্ষের মতে, এসব উদ্যোগ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্যও আলজেরিয়ার প্রতি আহ্বান জানান।
বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম আরব দেশ হিসেবে আলজেরিয়ার ভূমিকার কথা স্মরণ করেন। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
এ ছাড়া বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি বিষয়, আলজেরিয়ার রাষ্ট্রপতির বাংলাদেশ সফর এবং দুই দেশের নিরাপত্তা, বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।