আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬৩৬ কোটি মার্কিন ডলারের বিনিয়োগের ব্যবস্থা করতে সম্মত হয়েছে জাপান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।
নিক্কেই জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ আসতে পারে অটোমোবাইল ও অন্যান্য উৎপাদনশিল্পে। পাশাপাশি জ্বালানি অবকাঠামো নির্মাণেও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া জাপানি ট্রেডিং কোম্পানি সুমিতোমো করপোরেশনসহ বিভিন্ন অংশীদারের উদ্যোগে গড়ে ওঠা ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিভিন্ন কোম্পানির বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণও এই পরিকল্পনার আওতায় আসতে পারে।
বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো, শিল্প উৎপাদন সম্প্রসারণ, উৎপাদন খাতের বৈচিত্র্য বৃদ্ধি এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে নতুন সুযোগ তৈরি হতে পারে।
জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও শিল্প খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। নতুন এই বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।