কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গরু পাচারের সময় তাদের আটক করে গুলি করা হয় বলে আহতদের বরাতে জানিয়েছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাদের ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গুলিবিদ্ধ দুজন হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, পুলিশি পাহারায় দুই ভারতীয় নাগরিকের চিকিৎসা চলছে। আহতদের দাবি, সীমান্ত এলাকায় গরু পাচারের সময় বিএসএফ সদস্যরা তাদের গুলি করে মৃত ভেবে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় তারা হাসপাতালে ভর্তি হন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, দুই ভারতীয় নাগরিককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে গুলির আঘাত রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।

তবে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা সম্পর্কে বিজিবির কাছে তথ্য নেই। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।