রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার সচিবালয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মায়ানমার (আইআইএমএম) প্রধান নিকোলাস কুজিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আইআইএমএমকে আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।
বৈঠকে নিকোলাস কুজিয়ান জানান, ২০২৪ সালের শুরু থেকে এক লাখ ৫৪ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আগে থেকে দেশে থাকা ১০ লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে তারা যুক্ত হয়েছে। রাখাইনে চলমান সহিংসতা ও নিরাপত্তাহীনতার কারণে তাদের নিজ দেশে ফেরার পরিস্থিতি তৈরি হয়নি।
আইআইএমএম ২০১৯ সাল থেকে মিয়ানমারে সংঘটিত গুরুতর আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় কাজ করছে।