রানার মোটরস পিএলসি থেকে বাণিজ্যিক যানবাহন কিনতে আগ্রহী গ্রাহকদের সহজ অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও রানার মোটরস পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো লজিস্টিকস, পরিবহনসহ বিভিন্ন ব্যবসায়িক কাজে যুক্ত ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) এবং করপোরেট গ্রাহকদের জন্য সহজ ও সুসংগঠিত অর্থায়ন সুবিধা নিশ্চিত করা।
২০ সেপ্টেম্বর গুলশানে অবস্থিত এমটিবি সেন্টারের করপোরেট হেড অফিসের ‘এমটিবি সান বোর্ড রুমে’ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমটিবির পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ এবং রানার মোটরসের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন ফারুক, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে, এসএমই-সিআরএম প্রধান ইফতেখার আজিজসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা অনুযায়ী, রানার মোটরস থেকে বাণিজ্যিক যানবাহন কিনতে আগ্রহী সম্ভাব্য এসএমই ও করপোরেট গ্রাহকদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধার জন্য এমটিবির কাছে রেফার করা হবে। এর মাধ্যমে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী যানবাহন কেনার অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া প্রযোজ্য যোগ্যতা ও নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা পূরণ সাপেক্ষে ভবিষ্যতে বৈদ্যুতিক (ইভি) যাত্রীবাহী যানবাহনের অর্থায়নের সুযোগ তৈরিতেও এই অংশীদারত্ব সহায়ক হবে।
এমটিবি ও রানার মোটরসের এই যৌথ উদ্যোগের ফলে গ্রাহকদের জন্য সহজ অর্থায়ন সুবিধা বাড়ার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং অটোমোবাইল খাতের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।