২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুযোগ সহজ করতে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত ব্যাংকিং সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী অর্থ জমা দিতে শাখায় উপস্থিত থাকলে তার কাছ থেকে টাকা গ্রহণ করতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠায়।

নির্দেশনায় বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজের নিবন্ধন ফি জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আগামী শুক্র ও শনিবার হজের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এ ছাড়া নিয়মিত ব্যাংকিং সময় শেষ হওয়ার পরও হজের টাকা জমা দিতে কোনো গ্রাহক শাখায় উপস্থিত থাকলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তার কাছ থেকে অর্থ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।