বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন আইসিইউ ও হাসপাতালে থাকতে হয়েছে চিত্রনায়িকা মেঘলা মুক্তাকে। দুর্ঘটনার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশ তিনি। তাঁর অভিযোগ, মামলা তদন্তে পুলিশের গাফিলতি ও হয়রানির কারণে বিচারপ্রক্রিয়া দীর্ঘ হচ্ছে।
মেঘলা মুক্তার দাবি, দুর্ঘটনার পর তাঁর বক্তব্য নেওয়া হয়নি। এমনকি অভিযোগ থানার কম্পিউটার সিস্টেমে নিবন্ধিত না থাকার বিষয়টিও পরে জানতে পারেন তাঁর পরিবার। পরিবারের সদস্যরা ও সহকর্মীরা বারবার যোগাযোগ করলেও তদন্তে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।
তাঁর ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার প্রায় এক মাস পর নতুন করে অভিযোগ নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। এরপর গাড়ি ও চালককে আটক করার খবর পায় তাঁর পরিবার। তবে শুরুতেই কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মেঘলা।
দুর্ঘটনার শারীরিক ক্ষত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। মুখের ক্ষত সারানো ও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। এর মধ্যে মামলার শুনানি, অভিযুক্ত পক্ষের জামিনের আবেদন এবং বারবার আদালতে যাওয়ার চাপ তাঁর পরিবারের জন্যও কঠিন হয়ে উঠেছে।
মেঘলা মুক্তা দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর অভিযোগগুলো গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবে এবং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ন্যায়বিচার নিশ্চিত করবে।