শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসবের এই আবহে প্রতিমা দর্শন ও পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন বিনোদন জগতের তারকারাও। সেই তালিকায় রয়েছেন ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।

সোমবার (১৯ অক্টোবর) অষ্টমীর রাতে নিজের ফেসবুকে পূজার বেশ কিছু ছবি প্রকাশ করেন মন্দিরা। ছবিতে কখনো গোলাপি ও সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি ও ভারী সোনার গয়নায়, আবার কখনো লাল-কালো পোশাকে দেখা গেছে তাঁকে।

দেবী দুর্গার প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিময় ভঙ্গিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। অন্য একটি প্রোফাইলেও পূজামণ্ডপে ঘোরাঘুরি ও পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের মুহূর্তের ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে লাল শাড়িতে নজর কেড়েছেন মন্দিরা।

ছবিগুলোর সঙ্গে ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে দূর হোক সব অশুভ শক্তি, দুঃখ-কষ্ট ও অন্ধকার। সবার জীবন ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি ও আনন্দে। পাশাপাশি সবার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন তিনি।

মন্দিরার সাজ ও শুভেচ্ছাবার্তায় ভক্তদের মধ্যে দেখা গেছে ইতিবাচক সাড়া। উৎসবের আনন্দের পাশাপাশি তাঁর বার্তায় উঠে এসেছে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যাশা।