বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা পদক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও একটি করে ক্রেস্ট দেওয়া হয়েছে। জাতীয় স্টিয়ারিং কমিটির মাধ্যমে ৯৫ জন শিক্ষককে নির্বাচিত করা হয়। এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচনে আরও ছয়জন শিক্ষক সম্মাননার জন্য মনোনীত হন।

আয়োজকরা জানান, সম্মাননাপ্রাপ্ত কোনো শিক্ষকের বিষয়ে পরবর্তীতে নেতিবাচক তথ্য বা অভিযোগ পাওয়া গেলে যাচাই সাপেক্ষে তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হতে পারে।

‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’ প্রতিপাদ্যে এবার দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে।

১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছর প্রথমবার দিবসটি পালিত হয়। এরপর ১৯৯৫ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি নিয়মিতভাবে পালিত হয়ে আসছে।