বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন। ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭’-এ শীর্ষ ৮০০–১০০০-এর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)সহ চারটি বিশ্ববিদ্যালয়। তবে এই তালিকায় জায়গা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
র্যাংকিংয়ে ৮০১–১০০০-এর মধ্যে যৌথভাবে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
১০০১–১২০০-এর তালিকায় রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এর পরের ১২০১–১৪০০ র্যাংকে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
১৪০১–১৬০০-এর তালিকায় রয়েছে চুয়েট, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া ১৮০১–২০০০-এর মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।
টাইমস হায়ার এডুকেশন জানিয়েছে, ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে এবারের র্যাংকিং করা হয়েছে। এর মধ্যে শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণার পরিবেশ ও মান, গবেষণার প্রভাব, সাইটেশন, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীসহ একাধিক বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।