রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটে ২৬ তলা ভবনটির ২৩ তলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩৪ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভবনটির ২৩ তলায় একটি বায়িং হাউসের অফিস ছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হন।