মানুষ ও হাতির সংঘাত কমাতে হাতির আবাসস্থল ও চলাচলের করিডোর সংরক্ষণে গুরুত্ব দেবে সরকার। পাশাপাশি সংঘাতপ্রবণ এলাকা চিহ্নিত করে আগাম সতর্কতা ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ‘হাতি সংরক্ষণ : বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আবাসস্থল সংকুচিত হওয়া, বন উজাড়, খাদ্য সংকট, সড়ক-রেলপথ নির্মাণ, জলবায়ু পরিবর্তন ও বৈদ্যুতিক ফাঁদের কারণে মানব-হাতি সংঘাত বাড়ছে।

বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ১৪৬টি হাতির মৃত্যু হয়েছে। হাতি সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি বন অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় হাতি শিকার ও পাচার ঠেকাতে নজরদারি বাড়ানো এবং নতুন অবকাঠামো নির্মাণের সময় হাতির চলাচলের পথ বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী।