কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক কৃষক লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে গিয়ে জামায়াত ও বিএনপির আট নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছেন। শনিবার রাত ২টার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এর আগে রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে আটক করা হয়। তাকে থানায় আনার পর জামায়াতের ওয়ার্ড আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন সেখানে গিয়ে মুক্তির জন্য তদবির ও পুলিশকে চাপ দেওয়ার চেষ্টা করেন।
পুলিশের নিষেধ সত্ত্বেও তারা তদবির চালিয়ে গেলে একপর্যায়ে আটজনকে আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মুচলেকা নেওয়ার পর তাদের সংশ্লিষ্ট দলের নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।