ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপে। তবে ব্যক্তিগত এই পুরস্কারের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেয়ে হতাশ হয়েছেন ফরাসি এই তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে এমন তথ্য জানিয়েছে ফরাসি ওয়েবসাইট ফুট মেরকাটো।

প্রতিবেদন অনুযায়ী, ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল যেভাবে নিজের ক্লাবের সমর্থন পাচ্ছেন, এমবাপে রিয়াল মাদ্রিদে তেমন সমর্থন পাচ্ছেন না বলে মনে করছেন। পুরস্কার জয়ের প্রচারণায় ক্লাবের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছিলেন তিনি। কোচ হোসে মরিনিওর সমর্থন থাকলেও সামগ্রিক পরিস্থিতিতে অসন্তুষ্ট এমবাপে।

বড় স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ফরাসি এই স্ট্রাইকার। ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের কাতারে নিজের অবস্থান আরও শক্ত করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যালন ডি’অর ইস্যুতে ক্লাবের ভূমিকা তাঁর প্রত্যাশার সঙ্গে মিলছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক বিরতিতে চোট পাওয়ার পর প্যারিস ও সুইজারল্যান্ডে ছুটি কাটানো নিয়েও সমালোচনার মুখে পড়েছেন এমবাপে। ক্লাবের সমর্থন নিয়ে অসন্তোষের পাশাপাশি সমর্থকদের সমালোচনাও সামলাতে হচ্ছে তাঁকে।

এমন পরিস্থিতিতে মাঠের পারফরম্যান্সের মাধ্যমে সমালোচনার জবাব দিতে চাইবেন এমবাপে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ভালো খেলার পাশাপাশি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠাও তাঁর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।