ফিফার আগামী সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার র্যামন ভেগা। ৫৫ বছর বয়সী এই সাবেক সুইস ফুটবলারই বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বী।
খেলোয়াড়ি জীবন শেষে ২০০৪ সাল থেকে অর্থসংস্থান খাতে কাজ করা ভেগা এক বিবৃতিতে বলেন, বিশ্ব ফুটবল পরিবারকে আবারও ঐক্যবদ্ধ করা, স্থায়ী সংস্কার আনা এবং একবিংশ শতাব্দীর উপযোগী করে ফিফাকে আধুনিকায়ন করাই তাঁর প্রার্থিতার মূল লক্ষ্য।
ভেগার দাবি, ফুটবল বিশ্বে হারিয়ে যাওয়া আস্থা ও গ্রহণযোগ্যতা জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনতে হবে। নিজের ১১ পৃষ্ঠার নির্বাচনি ইশতেহারে তিনি বলেন, ‘ফুটবল কোনো সভাপতি, কনফেডারেশন বা প্রশাসকের সম্পত্তি নয়। ফুটবল যেকোনো পদ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বড়।’
ফিফার বর্তমান পরিস্থিতি তুলে ধরে ভেগা বলেন, ‘ফুটবল এখন আইসিইউতে রয়েছে, একে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’ তাঁর মতে, ফিফাকে পুনর্গঠনে কেবল সাময়িক পরিবর্তন নয়, প্রয়োজন আমূল সংস্কার ও সাহসী পদক্ষেপ।
এর আগে ২০১৫ সালে সেপ ব্লাটার ফিফা সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর এবং ২০১৯ সালেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ভেবেছিলেন ভেগা। তবে আগেরবার ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে প্রয়োজনীয় অন্তত পাঁচটি দেশের সমর্থন না পাওয়ায় চূড়ান্ত ব্যালটে জায়গা করতে পারেননি।
ভেগার এবারের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভেগাকে ‘বৈচিত্র্যময় পটভূমির একজন আকর্ষণীয় প্রার্থী’ হিসেবে উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন।
ইনফান্তিনোর বিরুদ্ধে ভেগার এই প্রার্থিতা এমন সময়ে সামনে এলো, যখন ফিফার নেতৃত্ব ও পরিচালনা নিয়ে ফুটবল অঙ্গনে নানা বিতর্ক চলছে। নির্বাচনে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ধারণ হবে প্রার্থীদের প্রয়োজনীয় সদস্যদেশের সমর্থন নিশ্চিত করার পর।
সূত্র: বিবিসি।