গ্রুপ চ্যাটে ব্যবহারকারীদের যোগাযোগ আরও সহজ করতে চারটি নতুন সুবিধা যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। নতুন আপডেটের ফলে গুরুত্বপূর্ণ বার্তা পিন করে রাখার ক্ষেত্রে আর নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা থাকছে না। পাশাপাশি গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে আগের কথোপকথনের কিছু অংশ তার সঙ্গে শেয়ার করা যাবে। এছাড়া নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ এবং মেনশন ও বার্তার উত্তর সহজে খুঁজে পাওয়ার ব্যবস্থাও থাকছে। ফলে গ্রুপের দীর্ঘ কথোপকথনের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা আগের চেয়ে অনেক সহজ হবে।
নতুন সুবিধাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, গুরুত্বপূর্ণ কোনো বার্তা চাইলে অনির্দিষ্টকালের জন্য চ্যাটের ওপরে আটকে রাখা যাবে। এতে জরুরি ঘোষণা, ঠিকানা কিংবা প্রয়োজনীয় নির্দেশনা সহজেই সবার নজরে থাকবে। অন্যদিকে, নতুন কেউ গ্রুপে যোগ দিলে তাকে আগের আলোচনা সম্পর্কে ধারণা দিতে সাম্প্রতিক কথোপকথন শেয়ার করতে পারবেন সদস্যরা। ফলে পুরোনো বার্তা খুঁজতে দীর্ঘ সময় ব্যয় করতে হবে না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এভাবে শেয়ার করা বার্তাগুলোও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় সুরক্ষিত থাকবে। একই সঙ্গে নির্দিষ্ট গ্রুপের সদস্যদের উদ্দেশে আলাদা স্ট্যাটাস দেওয়ার সুযোগও তৈরি হচ্ছে। এসব স্ট্যাটাস সংশ্লিষ্ট গ্রুপের সদস্যরাই দেখতে ও প্রতিক্রিয়া জানাতে পারবেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
এদিকে গ্রুপে কাউকে মেনশন করা হলে কিংবা কোনো বার্তার সরাসরি উত্তর দেওয়া হলে সেগুলো আলাদা করে খুঁজে পাওয়ার সুবিধাও যুক্ত হচ্ছে। এমনকি গ্রুপের সবাইকে একসঙ্গে উদ্দেশ্য করে পাঠানো ‘@all’ মেনশন করা বার্তাও সহজে শনাক্ত করা যাবে। ফলে অসংখ্য বার্তার ভিড়ে গুরুত্বপূর্ণ আলোচনা বা নিজের উদ্দেশে পাঠানো বার্তা খুঁজতে পুরো চ্যাট স্ক্রল করার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন চারটি সুবিধা পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। তাই আপডেট ঘোষণা করা হলেও সব ব্যবহারকারীর কাছে একসঙ্গে এগুলো পৌঁছাবে না।