আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে বাংলাদেশকে পথশিশু ও ভিক্ষুকমুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পথশিশুদের পুনর্বাসন ও উন্নয়নে মন্ত্রণালয়ের আলাদা বিভাগ রয়েছে। সেটিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের শুধু শিক্ষার সুযোগ নয়, মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের সুযোগও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শিশু একাডেমির মাধ্যমে সুবিধাপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত সব শিশুকে একই সুযোগের আওতায় আনার চেষ্টা চলছে। রাস্তায় থাকা শিশু কিংবা পরিবারের শিশু—সবার শিক্ষা, প্রশিক্ষণ ও বিকাশে সমান গুরুত্ব দিতে হবে।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জাহিদ হোসেন বলেন, শিশু নির্যাতন ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরাপদ পরিবেশ তৈরি করা শুধু সরকারের দায়িত্ব নয়; এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চল নির্বিশেষে সব মানুষের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে শিশু থেকে প্রবীণ—সবার নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত হবে।
সেমিনারে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালমা আক্তার ও শিশু একাডেমির মহাপরিচালক আরজু আরা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।