চার ভেন্যু, আট দল। সাদা পোশাকের ক্রিকেটে নতুন সাজে পর্দা উঠলো দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী আসর ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএলের। ব্যাগি ক্যাপ আর ব্লেজারে এবার দেখা গেলো ক্রিকেটারদের। সকাল সকাল বাংলাদেশের চার বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে একযোগে শুরু হয় এনসিএলের এবারের আসর।মিরপুরে মুখোমুখি ঢাকা ও রংপুর। খুলনায় লড়াই স্বাগতিক খুলনা ও বরিশালের। চট্টগ্রামের সাগরিকা মাঠে রাজশাহীর বিপক্ষে মাঠে নামে চট্টগ্রাম। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় সিলেট ও ময়মনসিংহ। 

ভোরের সূর্য তখন পূর্ব আকাশে ছড়িয়ে দিয়েছে লাল আভা। সেই আলোয় নতুন দিনের ক্রিকেটের প্রস্তুতি মিরপুরের মাঠে। সকাল সকালই মাঠে হাজির এনসিএলের ক্রিকেটাররা। শুরুতে ওয়ার্ম-আপ ও অনুশীলন সেরে প্রস্তুত হন দুই দলের ক্রিকেটাররা। এরপর ব্যাগি ক্যাপ ও ব্লেজার পরে মাঠে হাজির ঢাকা ও রংপুরের দুই অধিনায়ক৷ সাদা পোশাকের ঘরোয়া ক্রিকেটে এমন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটে। সেই পুরোনো রীতি ভেঙে এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগের আয়োজন। মাঠের ক্রিকেটের পাশাপাশি উদ্বোধনী আয়োজনে যোগ হয়েছে নতুনত্ব, যা ঘরোয়া ক্রিকেটকে দিয়েছে ভিন্ন এক আবহ। 

চলমান এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানে মিরপুরে হাজির ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু। সকালে বিসিবির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তিনি উপস্থিত হন মিরপুরের মাঠে। এ সময় ক্রিকেটারদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন তিনি। এরপর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এনসিএলের এবারের আসর।

পরে একে একে দুই দলের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করে তাদের শুভকামনা জানান বিসিবির কর্মকর্তারা। মাঠে তখন তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ঐতিহ্যবাহী সাদা পোশাকের ক্রিকেটে নতুন এই আয়োজন ঘরোয়া ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলবে—এমন প্রত্যাশাই আয়োজকদের।

একই সময়ে খুলনাতেও আয়োজন করা হয় এনসিএলের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মুখোমুখি হয় খুলনা ও বরিশাল। সকাল সকাল বেলুন উড়িয়ে শুরু হয় উদ্বোধনী কার্যক্রম। ক্রিকেটারদের উপস্থিতিতে সেখানেও ছিল উৎসবের আমেজ। চার ভেন্যুতেই একই সঙ্গে মাঠে গড়ানোয় প্রথম দিন থেকেই জমে ওঠে ঘরোয়া ক্রিকেটের এই লড়াই। ৩ থেকে ৬ অক্টোবর চলবে এনসিএলের প্রথম পর্বের ম্যাচগুলো। এরপর ধাপে ধাপে এগিয়ে যাবে দীর্ঘ এই আসর। প্রায় দেড় মাসের লড়াই শেষে আগামী ১৭ নভেম্বর পর্দা নামবে এবারের ন্যাশনাল ক্রিকেট লিগের। পয়েন্ট টেবিলের অবস্থানের ভিত্তিতেই নির্ধারণ করা হবে দলগুলোর পরবর্তী অবস্থান ও আসরের চূড়ান্ত হিসাব। নতুন আঙ্গিক, নতুন আয়োজন আর সাদা পোশাকের ঐতিহ্য সব মিলিয়ে এবারের এনসিএল যেন ঘরোয়া ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করলো।