ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর হিসেবে নতুনভাবে আয়োজিত হতে যাচ্ছে ডোমেস্টিক-৩ বা ডি-থ্রি। ছয় দলের অংশগ্রহণে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা এই টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়েছে দল গোছানোর প্রাথমিক কার্যক্রম। প্রথম প্লেয়ার ড্রাফটের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কোচ ও টিম ম্যানেজমেন্ট ড্রাফট। যেখানে ছয় দলের প্রতিনিধিরা নিজেদের আইকনিক ক্রিকেটারদের প্রতিনিধিত্বে অংশ নেন এই আয়োজনে। ম্যানেজমেন্ট ড্রাফটের মাধ্যমে নিজেদের কোচিং প্যানেল চূড়ান্ত করেছে ছয় দল। লটারির মাধ্যমে এইচ ব্লু স্টার বেছে নিয়েছে সোহেল ইসলামকে। একমির কোচ হয়েছেন রাজিন সালেহ। সিটিজেন্স ব্যাংক দায়িত্ব দিয়েছে মিজানুর রহমান বাবুলকে। অন্যদিকে ফরচুন দলে কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন ও মোহাম্মদ আশরাফুল। সেভেন রিংস সিমেন্ট বেছে নিয়েছে তালহা জুবায়েরকে। আর ওয়ালটন দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক।
তারকা ক্রিকেটার, দলীয় প্রতিনিধি এবং মালিকপক্ষের সমন্বয়ে সম্পন্ন হয়েছে এই ম্যানেজমেন্ট ড্রাফট। নতুন এই আয়োজন ঘিরে বিসিবিতে ছিল উৎসবমুখর পরিবেশ। কোচিং প্যানেল চূড়ান্ত হওয়ায় এখন দলগুলোর সামনে পরবর্তী বড় কাজ খেলোয়াড় নির্বাচন। প্লেয়ার ড্রাফটের মাধ্যমে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাবে ছয় ফ্র্যাঞ্চাইজি।
ডি-থ্রি মাঠে গড়াতে এখনো প্রায় তিন মাস বাকি। তবে এরই মধ্যে আইকনিক ক্রিকেটার নির্বাচন থেকে শুরু করে কোচ ও কোচিং স্টাফ নিয়োগ দল গোছানোর গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী মাসে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার পরই পূর্ণাঙ্গ স্কোয়াড চূড়ান্ত হবে। এরপর শুরু হবে টুর্নামেন্টের চূড়ান্ত প্রস্তুতি। ফলে ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে যাওয়া ডি-থ্রির উত্তেজনা এখন থেকেই ছড়িয়ে পড়েছে ক্রিকেটপ্রেমী বাঙালীর মনে।