ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ার সেরা ছবি হিসেবে ক্রিটিকস অ্যাওয়ার্ড জেতার পর এবার কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও সাফল্য পেল বাংলাদেশের সিনেমা ‘রইদ’।
মোজাইক উৎসব থেকে সিনেমাটি পেয়েছে তিনটি পুরস্কার—সেরা অভিনেত্রী নাজিফা তুষি, সেরা চিত্রগ্রহণ জোয়াহের মুসাভভির এবং সেরা সংগীত রাশীদ শরীফ শোয়েব।
‘রইদ’ সিনেমায় ‘সাধুর বউ’ চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। সিনেমাটি মুক্তির আগেই তাঁর লুক প্রশংসিত হয়। মুক্তির পর চরিত্র ও অভিনয় দিয়ে দর্শক-সমালোচকদের নজর কাড়েন তিনি। আন্তর্জাতিক কোনো উৎসব থেকে এবারই প্রথম এই সিনেমার জন্য অভিনয়ের পুরস্কার পেলেন তুষি।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তুষি জানান, বিষয়টি তাঁর জন্য অত্যন্ত আনন্দের। পুরস্কারের আশায় কাজ করেন না জানিয়ে তিনি বলেন, তাঁর কাছে কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চরিত্রটি সঠিকভাবে তুলে ধরতে পারাই তাঁর মূল লক্ষ্য। সেই কাজ স্বীকৃতি পেলে তা অবশ্যই আনন্দের।
তুষি আরও বলেন, অভিনেত্রী হিসেবে এই পুরস্কার তাঁর দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে তাঁর এই সুন্দর সময় যেন অব্যাহত থাকে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান বলেন, অসাধারণ সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ‘রইদ’ তিনটি পুরস্কার পেয়েছে, যা পুরো দলের জন্য আনন্দের। বিশেষ করে নাজিফা তুষির অভিনয়, সিনেমাটোগ্রাফি ও সংগীত নিয়ে উৎসবে প্রশংসা পাওয়া এবং পুরস্কার অর্জনকে তিনি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।
৩০ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হয়েছে মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসর। উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’, যা এ বছর কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কারও পেয়েছিল।