ঢাকার সাভারের আশুলিয়ায় জাল টাকা তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। এ সময় ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার বিপুল পরিমাণ জাল নোট, ল্যাপটপ, জাল টাকা তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– সাজ্জাদ হোসেন আকাশ (২৫), মো. ইভান রানা (২০), মো. মামুন মিয়া (২৪) ও মো. নাদিম সর্দার (২০)। সাজ্জাদ ও ইভানের বাড়ি মানিকগঞ্জের শিবালয়, মামুনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং নাদিমের বাড়ি পটুয়াখালী।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকার একটি কারখানার পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মধ্য গাজিরচট এলাকার একটি কারখানার পেছনে জাল নোট তৈরির চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের জাল নোট, ল্যাপটপ, জাল টাকা তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার একটি বাড়িতে লোকচক্ষুর আড়ালে জাল টাকা তৈরি করে আসছিল চক্রটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, চক্রটির সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে ওই এলাকায় এসে জাল টাকা তৈরির মেশিনের মাধ্যমে নোট তৈরি করতেন। পরে সেগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। দেশের বিভিন্ন অঞ্চলের জাল নোট সরবরাহকারী ও ডিলারদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

সূত্রঃ ঢাকা টাইমস