দেশে ফিরলেই শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অভ্যর্থনা জানানো হবে: বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি করে হাতকড়া দিয়ে গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।
ভঙ্গুর অর্থনীতি ও জ্বালানি খাতের লুটপাট
অনুষ্ঠানে বিমানমন্ত্রী বলেন, দেশের বর্তমান ভঙ্গুর পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব গ্যাস ও বিদ্যুৎসহ প্রতিটি খাতে পড়েছে।
তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতের উন্নয়নে বিগত সরকার কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে কেবল লুটপাটের উদ্দেশ্যে বিভিন্ন প্ল্যান্ট তৈরি করেছিল। যেগুলো ব্যবহার না হলেও বসিয়ে বসিয়ে শত শত কোটি টাকা দেওয়া হয়েছে এবং লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও এ খাতের সমাধানে কাজ করতে পারেনি বলে তিনি উল্লেখ করেন। তবে জনগণের আস্থা বিএনপির ওপর রয়েছে বলে তিনি দাবি করেন।
শেখ হাসিনার বিচার ও হস্তান্তরের দাবি
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী মিল্লাত বলেন, "লুটপাট করে দেশের সবকিছু নিয়ে গেলেও এখন সেই টাকা তিনি ভোগ করতে পারছেন না। উনি বাংলাদেশে এলে ওনার বিচার ও ফাঁসি হবে। শোনা যাচ্ছে, তিনি নাকি ৩১ ডিসেম্বরের মধ্যে আসবেন। আমরা বলি—৩১ ডিসেম্বর কেন, যখনই আসবেন, তখনই আইনের আওতায় এনে তাকে হাতকড়া দিয়ে রিসিভ করা হবে।"
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী অপরাধ এবং দেশের টাকা লুটপাট করা হয়েছে, তার সঠিক বিচার দেশের মাটিতেই হবে। এ সময় তিনি পার্শ্ববর্তী দেশের কাছে শেখ হাসিনাসহ পলাতক দোসরদের অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর জোর দাবি জানান।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাংলা নিউজ