কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, কম্পিউটার ভিশন ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের নানা দিক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে ‘আইইইই থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস (কমপাস ২০২৬)’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করা হয়। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে।
সম্মেলনে দেশি-বিদেশি গবেষকেরা কম্পিউটিং প্রযুক্তির নতুন উদ্ভাবন ও ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে ৬১৬টি গবেষণাপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২১২টি গ্রহণ করা হয়েছে। এসব গবেষণায় বুদ্ধিমান ব্যবস্থা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ভিজ্যুয়াল কম্পিউটিং, ডেটা বিশ্লেষণ, নেটওয়ার্ক নিরাপত্তা ও কোয়ান্টাম কম্পিউটিংসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গবেষণার মান নির্ধারণে শুধু প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন কিংবা র্যাঙ্কিং বিবেচনা করা যথেষ্ট নয়। গবেষণার গুরুত্ব, ফলাফলের পুনরুৎপাদনযোগ্যতা এবং মানুষের জীবনে এর ইতিবাচক প্রভাবও মূল্যায়ন করা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক উপমা কবির বলেন, আধুনিক গবেষণায় কম্পিউটিং, এআই, যোগাযোগ প্রযুক্তি, রোবোটিকস, জ্বালানি ও উপকরণবিজ্ঞানের মধ্যে সমন্বয় বাড়ছে। স্বাস্থ্য, কৃষি, পরিবহন ও জলবায়ুসহ বিভিন্ন খাতের বাস্তব সমস্যা সমাধানে এআই, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা ও ডেটা সায়েন্সের গবেষণাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুর রাজ্জাক বলেন, এআই ও আধুনিক গবেষণার চাহিদা পূরণে গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ)–ভিত্তিক শক্তিশালী উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং অবকাঠামো প্রয়োজন। আন্তর্জাতিক মানের গবেষণা এবং বড় এআই মডেল নিয়ে কাজের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য বিনিময় বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া। উদ্বোধনী পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাসের অধ্যাপক লতিফুর খান।
দুই দিনব্যাপী এ সম্মেলন শনিবার শেষ হবে। শেষ দিনে মূল প্রবন্ধ উপস্থাপন, কারিগরি অধিবেশন ও প্লেনারি আলোচনার আয়োজন রয়েছে।