ঢাকা মহানগরীর তীব্র যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ প্রদান করেন।
সমন্বিত উদ্যোগ ও বাস্তবসম্মত সময়সীমা সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে যৌথভাবে বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করার নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে যেসকল প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত চিহ্নিত করে সমাধান করা, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা এবং কাজ দ্রুত শেষ করতে বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী প্রকল্পের কাজের দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার তাগিদ দেন।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ উচ্চপর্যায়ের এই পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।